র্যাব-১৫ কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সংঘবদ্ধ অপরাধ দমনে তৎপরতা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় উখিয়ার পালংখালী ইউনিয়নে একটি অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
র্যাব সূত্র জানায়, সোমবার (৩ মার্চ) দিবাগত গভীর রাতে উখিয়ার বালুখালী পান বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আব্দুর রহমান নামে এক ব্যক্তির ভাড়া বাসায় কয়েকজন সশস্ত্র ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় পাঁচজনকে আটক করা সম্ভব হলেও অন্ধকারের সুযোগে আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন-মো. আলম (৩৩), মো. রশিদ (৪৪), সৈয়দ আলম (২৯), নূর কামাল (২৮) ও জাহেদ উল্লাহ (২১)। র্যাব জানিয়েছে, তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
অভিযানে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি পিস্তল ও ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও একটি ব্যবহৃত খোসা, একটি একনলা বন্দুক, তিন রাউন্ড রাইফেলের গুলি, দুটি ফোল্ডিং স্টিলের ছুরি, তিনটি ধারালো বিশেষ আংটি, চারটি মোবাইল ফোন এবং বিভিন্ন মোবাইল অপারেটরের সিম কার্ড।
সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা কক্সবাজারের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া মো. আলমের বিরুদ্ধে ২০২৪ সালে টেকনাফ থানায় একটি অস্ত্র মামলার তথ্য পাওয়া গেছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
https://slotbet.online/