কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। পাচারকারীদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (৮ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের নোয়াখালি জুম্মাপাড়া এলাকায় কুখ্যাত মানবপাচারকারী মো. আব্দুল আলী এলজিইডি সড়ক সংলগ্ন একটি পেঁপে বাগানে আটকে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে রবিবার (৮ মার্চ) মধ্যরাত ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও র্যাবের সমন্বয়ে ওই এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, ' অভিযান চলাকালে বাগানটি তল্লাশি করে পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, উদ্ধারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মানবপাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
All rights reserved © 2026 KhaborerThikana.Com
Developed by : Azad Web IT